
আন্তর্জাতিক ডেস্ক : উড়তে সক্ষম নতুন টেসলা রোডস্টার উন্মোচন করেছেন মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে স্পেসএক্সের রকেট উন্নয়ন কেন্দ্রে গাড়িটির বিশেষ সংস্করণকে মাটি থেকে ওপরে উঠে শূন্যে ভাসা, ডিগবাজি দেওয়া এবং একাধিক গাড়ি টপকে অবতরণের কৌশল দেখিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের পরীক্ষাকেন্দ্রে গাড়িটির বিশেষ প্রদর্শনী হয়। প্রায় নয় বছর পর নতুন রোডস্টার সামনে এনে গাড়িটির গতি ও প্রযুক্তির নানা চমক তুলে ধরেন মাস্ক।
টেসলার দাবি, নতুন রোডস্টার ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারবে। থ্রাস্টার প্রযুক্তির সহায়তায় স্থির অবস্থা থেকে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতি তুলতে গাড়িটির সময় লাগবে এক সেকেন্ডেরও কম। এ ছাড়া বিশেষ প্রযুক্তির মাধ্যমে শূন্যে ভেসে ডিগবাজি দেওয়ার সক্ষমতাও প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গাড়িটির একটি ভিডিও শেয়ার করেন মাস্ক। এতে সাদা রঙের বৈদ্যুতিক স্পোর্টস কারটিকে মাটি থেকে উঠে শূন্যে ভাসতে, উল্টে যেতে এবং নানা কৌশলে চলাচল করতে দেখা যায়। প্রদর্শনীতে স্পটলাইটের নিচে দ্রুতগতির কসরতের পাশাপাশি ঘন ধোঁয়ার ব্যবহারও ছিল।
টেসলা জানিয়েছে, রোডস্টারটির প্রদর্শনীতে ঠান্ডা গ্যাসের থ্রাস্টার ও ফ্যানভিত্তিক সাকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে তৈরি থ্রাস্টারগুলো গাড়িটিকে মাটি থেকে ওপরে তুলতে এবং এর গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য তৈরি। প্রতিষ্ঠানটির দাবি, বিশেষ ফ্যানভিত্তিক সাকশন ব্যবস্থা সর্বোচ্চ দুই জি পর্যন্ত আকর্ষণ বল তৈরি করতে পারে।
অনুষ্ঠানে মাস্ক তার বন্ধু পিটার থিয়েলের একটি মন্তব্য উল্লেখ করে বলেন, ‘ভবিষ্যতে আমাদের উড়ন্ত গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেয়েছি ১৪০ অক্ষর।’ ২০২২ সালে টুইটার কেনার আগে প্ল্যাটফর্মটিতে পোস্টের সর্বোচ্চ অক্ষরসীমা ছিল ১৪০। সেই প্রসঙ্গ টেনে রসিকতা করার পর মাস্ক বলেন, ‘এখন আর তা নয়।’
টেসলার ওয়েবসাইটে নতুন রোডস্টারকে ‘পদার্থবিজ্ঞানের সীমার বাইরে’ বলে বর্ণনা করা হয়েছে। তবে প্রদর্শনীতে উড়ন্ত কৌশল দেখালেও গাড়িটি শেষ পর্যন্ত সড়কে চলাচলের উপযোগী যান হিসেবেই বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মাস্ক।
২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচনের পর থেকেই গাড়িটি টেসলার অন্যতম আলোচিত প্রকল্প। নতুন মডেলটি সামনে এলেও এর উৎপাদন শুরু হতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃ নুসরাত জাহান মিশু
ফোন নাম্বারঃ 01718246730
ফোন নাম্বারঃ 01868533641
Email: News@amadershomoykal.pro
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ ৩০-৩১, দিলকুশা সি/এ, মতিঝিল, ঢাকা-১০০০
Copyright © 2025 All rights reserved আমাদের সময় কাল